অধ্যক্ষের প্রতারণা॥ কোম্পানীগঞ্জে আল-হেরা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা পন্ড
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আল-হেরা ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ এএসএম ফারুক হোসেন। প্রতারণার কারণে ১৩ নভেম্বর শুক্রবার সকালে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে শিক্ষার্থী-অভিভাবকের উপস্থিতিতে সালিশ বিচারে প্রথমে তাকে তিরস্কার করা হয়, পরে তার কাছ থেকে তের হাজার সাতশ’ পঞ্চাশ টাকা ও দেড় লাখ টাকার ব্যাংকের চেক আদায় করা হয়। বসুরহাট পৌরসভার সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবদুল কাদের মির্জার নেতৃত্বে এ সালিশ বিচার অনুষ্ঠিত হয়। তার কাছ থেকে আদায় করা টাকা স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়া হবে বলে জানিয়ে দেয়া হয়। সূত্রে জানা যায়, চরকাঁকড়া আল-হেরা ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষার নামে মাদ্রাসার অধ্যক্ষ এএসএম ফারুক হোসেন বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ২ হাজার ৬শ শিক্ষার্থীর কাছ থেকে পরীক্ষার ফি বাবদ দেড় লাখ টাকা হাতিয়ে নেয়। শুক্রবার সকাল ১০টা থেকে বসুরহাট সরকারি এএইচসি উচ্চ বিদ্যালয় ও মাকসুদা সরকারি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা হওয়ার কথা ছিল। এ দুই শিক্ষা প্রতিষ্ঠানে ১২শ’ শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে বলে প্রতিষ্ঠান কর্তৃপ্ক্ষ জানায়। পরীক্ষা নিয়ন্ত্রক ১ হাজার ৭১৩ জন শিক্ষার্থীর কাছে পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র হস্তান্তর করে। সকাল ৯টায় স্কুল মাদ্রাসার শিক্ষার্থীরা পরীক্ষা দিতে এলে সম্পূর্ণ এলোমেলো পরিবেশে তাদের সিট খুঁজে না পাওয়ায় হৈচৈ শুরু করে। অবস্থা বেগতিক দেখে অধ্যক্ষ ফারুক হোসেন গা-ঢাকা দেয়। এতে বৃত্তি পরীক্ষা পন্ড হয়ে যায়।
|