লক্ষ্মীপুরে কোডেকের মতবিনিময় সভা
লক্ষ্মীপুরে বেসরকারি সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) ও মানুষের জন্য প্রকল্প’র যৌথ উদ্যোগে ‘‘নারীর প্রতি সহিংসতা রোধ’’ শীর্ষক জেলা পর্যায়ে মতবিনিময় সভা সম্প্রতি স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জেলা শিশুবিষয়ক কর্মকর্তা কাউছার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক বেগম লৎফুন নেছা এবং বিশেষ অতিথি দৈনিক অবজারভারের জেলা প্রতিনিধি ও কোডেক মানুষের জন্য প্রকল্প’র জেলা এলায়েন্স বডির সহ-সভাপতি মোহাম্মদ আজিজুল হক। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর কন্ঠের সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, ব্র্যাকের জেলা ম্যানেজার মোঃ আশরাফুল ইসলাম, নারী জোট নেত্রী ও ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার জাহানারা বেগম, ২নং চরবংশী ইউনিয়ন প্রেসার গ্রুপ সভাপতি ও জেলে প্রতিনিধি মোঃ মোস্তফা বেপারী, ৮নং ইউনিয়ন সমন্বয় পরিষদের সভাপতি মোঃ শাহজালাল, ৭নং আলেকজান্ডার ইউনিয়ন সমন্বয় পরিষদের সভাপতি আবু হানিফ খন্দকার, ১ নং কালকিনি ইউনিয়ন সমন্বয় পরিষদের ওয়ার্ড সদস্য নুর নাহার বেগম ও কোডেক কমলনগর উপজেলা স্বাস্থ্যকর্মী রাবেয়া আক্তার লাভলি। কোডেক মানুষের জন্য প্রকল্পের জেলা সমন্বয়কারী একেএম হুমায়ুন কবীরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য ও ধারণাপত্র উপস্থাপন করেন কোডেক সামাজিক ও সাংস্কৃতিক উপন্নয়ন কার্যক্রমের জেলা সমন্বয়কারী বিপ্লব ভৌমিক। সভায় বক্তারা বলেন, ভিকটিম মহিলাদের সহায়তা করার জন্য ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সহায়তা সেল গঠন করা উচিৎ। স্থানীয় শালিস ব্যবস্থা গতিশীল করার জন্য শালিসদারদের প্রশিক্ষণ করানো প্রয়োজন। নারীর প্রতি সহিংসতা বন্ধে পরিবারের ভূমিকা মুখ্য, তাই পরিবারের সদস্য স্বামী-স্ত্রীসহ, বিশেষ করে শ্বশুর-শাশুড়ীকে সচেতন হতে হবে। নারী নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির জন্য গ্রাম অঞ্চলে উঠান বা কমিউনিটি বৈঠকের আয়োজন করা- যেখানে সচেতন নাগরিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউপি মেম্বার, কাজী ও ঈমামরা বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বাল্যবিবাহ ও যৌতুক বিরোধী কমিটি গঠন করে গ্রামগুলোকে যৌতুক ও বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করে তা কার্যকর করা, সকল শিশুর জন্ম নিবন্ধন নিশ্চিত করা। শালিস অর্থাৎ সামাজিক বিচার ব্যবস্থাকে ন্যায়ভিত্তিক, গতিশীল ও কার্যকর করা। জেলে গ্রামে শিক্ষা বিস্তার, স্বাস্থ্যসেবা নিশ্চিত ও গণসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে উন্নয়ন করতে হবে। সভায় সরকারী কর্মকর্তা, সাংবাদিক, কোডেকের ইউনিয়ন সমন্বয় পরিষদ, ওয়ার্ড কমিটি, অভিভাবক ফোরাম সদস্য, মানুষের জন্য প্রকল্প’র ইউনিয়ন প্রেসারগ্রুপ, যুবগ্রুপ, জেলে সংগঠনের প্রতিনিধি ও উপজেলা এলায়েন্স বডির সদস্য, এনজিও প্রতিনিধি, মানবাধিকার কর্মী প্রমুখ অংশগ্রহণ করেন।
-মোঃ জাহাঙ্গীর হোসেন লিটন
|