date
cover
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
মফস্বল সংবাদ

নোয়াখালীতে জাহাঙ্গীর কবির নানক॥ খাসজমি প্রকৃত ভূমিহীনদের মাঝে বিতরণ করা হবে।
বিগত জোট সরকারের আমলে তাদের সমর্থিতরা এ চরাঞ্চলে সরকারের হাজার হাজার খাসভূমি জবরদখল করে রেখেছিল। বর্তমান সরকার সকল খাসজমি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করার কাজ প্রায় সম্পন্ন করেছে। উদ্ধারকৃত খাসজমি প্রকৃত ভূমিহীনদের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করা হবে। কোন দলীয় বিবেচনায় নয়, প্রকৃত ভূমিহীনদেরকে বেছে নেওয়া হবে। প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সুবর্ণচরে এক জনসভায় বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, এ অঞ্চলে সরকারি ৫৫ হাজার একর খাসজমি রয়েছে। তার অধিকাংশই এতদিন ছিল বিগত জোট সরকারের মদদপুষ্ট জোরদার, লাঠিয়াল ও ভূমিগ্রাসীদের দখলে। এ অঞ্চলের যে ১২ হাজার একর জমি চিংড়ি চাষের জন্য নির্ধারণ করা হয়েছে তা বাতিলের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে তিনি আশ্বাস প্রদান করেন। প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, দরিদ্র মানুষদের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন হিসেবে একটি বাড়ি, একটি খামার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ ভিজিএফ কার্ড কর্মসূচি অব্যাহত থাকবে। প্রতিমন্ত্রী পরে নবনির্মিত সুবর্ণচর উপজেলা পরিষদ ভবন উদ্বোধন করেন। প্রাথমিক ও গণশিক্ষা বিষয়কমন্ত্রী ডা. আফসারুল আমিন প্রধান অতিথির বক্তব্যে বলেন, ২০১১ সালের মধ্যে বাংলাদেশের সকল শিশুকে প্রাথমিক শিক্ষার আওতায় আনা হবে। দেশের প্রতিটি গ্রামে একটি করে বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। এ লক্ষ্যে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ হাতে নিয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক উপস্থিত ছিলেন। সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান এএইচএম খায়রুল আনাম চৌধুরী সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-স্থানীয় সংসদ সদস্য জননেতা একরামুল করিম চৌধুরী, এলজিইডি’র প্রধান প্রকৌশলী ওহিদুর রহমান, জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোঃ হানিফ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সানাউল হক, সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট এটিএম মহিবউল্যাহ, সাধারণ সম্পাদক এডভোকেট ওমর ফারুক প্রমুখ।
বিকেলে মন্ত্রী ও প্রতিমন্ত্রী মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জেলার সাবেক ক্রীড়া সংগঠক, পৃষ্ঠপোষক ও নোয়াখালী-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর এক সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকে নোয়াখালী জেলার  বিভিন্ন এলাকায় উৎসবের আমেজ পরিলক্ষিত হয়। দুপুর থেকে বিভিন্ন এলাকা থেকে বাদ্যযন্ত্র নিয়ে হাজার হাজার মানুষ উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন।

 

 

     
lbheading