লক্ষ্মীপুর সদরের পশ্চিম লতিফপুর খালটি ভূমিদস্যুদের দখলে
লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুরের ১৭৬৭ দাগের খালটি দখল করে নিয়েছে প্রভাবশালী ভূমিদস্যুরা। ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের কোলঘেঁষে বয়ে যাওয়া ওয়াপদা খালের সাথে সংযুক্ত এ খালটি বর্ষা মৌসুমে এ এলাকার পানি নিষ্কাশনের একমাত্র পথ। চন্দ্রগঞ্জ মাছ বাজারের পিছন দিয়ে বয়ে যাওয়া আঁকাবাঁকা খালটি এ এলাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশাল চন্দ্রগঞ্জ বাজার, পশ্চিম লতিফপুর ও দেওপাড়া গ্রামে প্রায় অর্ধলক্ষাধিক মানুষ বসবাস করে। খালের দক্ষিণপাড়ে দোকানঘর নির্মাণ করে দখল করে নেয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি। এরপরও প্রতিবছর এসব দোকানঘরের মালিকরা পিছনের খালটি ভরাট করে দোকানের অংশে ঢুকিয়ে ফেলেছে। আবার কেউ কেউ বিল্ডিং (ইমারত) পর্যন্ত নির্মাণ করে ভাড়া দিয়ে রেখেছে। এ ব্যাপারে স্থানীয় তহসিলদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি দেখে ব্যবস্থা নিবেন বলে জানান। এলাকাবাসী জানায়, ক্রমান্বয়ে খালটি ভরাট হতে থাকলে আগামী বর্ষা মৌসুমে এ এলাকায় বন্যা দেখা দিতে পারে। এলাকাবাসী খালটি দখলমুক্ত করতে জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
-আলী হোসেন |