এ্যানির বিরুদ্ধে দুদক’র মামলার কার্যক্রম স্থগিত
বিএনপির প্রচার সম্পাদক, লক্ষ্মীপুরের সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে মামলাটি কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ্যানির এক আবেদনের শুনানি নিয়ে সম্প্রতি রুলসহ এ আদেশ দেন।
আদালতে এ্যানির পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদিন। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী জহিরুল ইসলাম। দুদক’র পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।
পরে জহিরুল ইসলাম বলেন, মামলাটির কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে। চার সপ্তাহের মধ্যে সরকার ও দুদককে ওই রুলের জবাব দিতে বলা হয়েছে।
২০১৪ সালের ৯ অক্টোবর সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক রমনা থানায় এ্যানির বিরুদ্ধে ওই মামালাটি করে।
এই মামলার বৈধতা নিয়ে চলতি বছরের ১৭ আগস্ট হাইকোর্টে একটি আবেদন করেন এ্যানি। এই আবেদনের ওপর শুনানি নিয়ে আদালত ওই আদেশ দেন।