রামগতিতে শিয়ালের মাংস বিক্রির অপরাধে ১৫ দিনের কারাদণ্ড

শিয়ালের মাংস বিক্রির অপরাধে লক্ষীপুরে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত
লক্ষীপুরের রামগতি উপজেলায় শিয়ালের মাংস বিক্রির অপরাধে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সম্প্রতি উপজেলার আলেকজান্ডার বাজারে অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী।
দণ্ডপ্রাপ্ত রঞ্জিত চন্দ্র দাস (৪৫) রামগতি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অভিযানে শিয়ালের কয়েক কেজি মাংস জব্দ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।
ইউএনও এস এম শান্তুনু চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালানো হয়। পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী ওই ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।