সম্পত্তির লোভে বাবাকে হত্যা মেয়েসহ জামাই ও নাতি গ্রেফতার
নোয়াখালীর কবিরহাটে সম্পত্তির লোভে নিজের বাবা মহিউদ্দিনকে (৬০) পিটিয়ে হত্যার দায়ে মেয়েসহ জামাই ও নাতিকে গ্রেফতার করেছে পুলিশ। ১১ মে ভোরে গাজীপুর সদরের জয়দেবপুর সালনা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নিহত মহিউদ্দিনের মেয়ে শাহিনা আক্তার (৩৭), জামাই মোঃ নুরনবী সুমন (৪০) ও নাতি মোঃ ইউসুফ নবী শামিম (১৮)। তারা সবাই কবিরহাটের সুন্দরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর সুন্দলপুর গ্রামের বাসিন্দা।
নোয়াখালী পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ৩০ এপ্রিল সন্ধ্যায় আপন মেয়ে, জামাই ও নাতি বৃদ্ধ মহিউদ্দিনকে সম্পত্তির লোভে পিটিয়ে হত্যা করেন। এ ঘটনায় বৃদ্ধের আরেক মেয়ে বিবি কুলসুম লাভলী চারজনকে আসামি করে মামলা দায়ের করলে তারা পালিয়ে যান। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, গ্রেফতারদের হত্যা মামলায় আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠান বিচারক।